ওবা ফেমির হাত তুলেই অবসরের ইঙ্গিত লেজনারের

ম্যাচ শেষে ওবা ফেমির হাত তুলে ধরেছেন ব্রক লেজনার
ম্যাচ শেষে ওবা ফেমির হাত তুলে ধরেছেন ব্রক লেজনার | ছবি: সংগৃহীত
0

ওয়ার্ল্ড রেসলিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) সমার স্ল্যামের প্রথম রাতেই দেখা গেল আবেগ, নাটকীয়তা আর ইতিহাসের মিশেল। নিজের শহর মিনেসোটায় ওবা ফেমির কাছে হারার পর তরুণ এই রেসলারকেই ‘ভবিষ্যতের মুখ’ ঘোষণা করলেন ব্রক লেজনার। এটিই ইতিহাসে প্রথমবার লেজনারের কোনো ‘হেল ইন আ সেল’ ম্যাচে হার। ম্যাচ শেষে তার বক্তব্যে মিলেছে রেসলিংকে বিদায় জানানোরও স্পষ্ট ইঙ্গিত।

সমারস্লামের বহুল প্রতীক্ষিত রাবার ম্যাচে শুরু থেকেই একে অপরকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন লেজনার ও ফেমি। একের পর এক জার্মান সুপ্লেক্স ও এফ-৫ দিয়ে প্রতিপক্ষকে কাবু করার চেষ্টা করেন ‘দ্য বিস্ট’। অন্যদিকে এনএক্সটি থেকে উঠে আসা ওবা ফেমিও নিজের শক্তিমত্তার প্রমাণ দেন ‘ফল ফ্রম গ্রেস’ পাওয়ারবম্ব ও চোকস্ল্যাম দিয়ে।

ম্যাচের একপর্যায়ে লড়াই আরও ভয়ংকর রূপ নেয়। টেবিল ভাঙা, স্টিলের সিঁড়ি ও চেয়ার ব্যবহারের পর রিংয়ের কভার খুলে কাঠ বের করেন লেজনার। এরপর আন্ডারটেকারের বিখ্যাত ‘টুমস্টোন পাইলড্রাইভার’ও ব্যবহার করেন। কিন্তু সবাইকে অবাক করে সেই আঘাত থেকেও বেরিয়ে আসেন ফেমি।

শেষ পর্যন্ত আরেকটি ‘ফল ফ্রম গ্রেস’ হিট করে কিংবদন্তি ব্রক লেজনারকে পিন করেন ৩ কাউন্টে। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় তুলে নেন নাইজেরিয়ার এই তরুণ রেসলার।

আরও পড়ুন:

ম্যাচ শেষে আবেগঘন মুহূর্ত তৈরি করেন লেজনার। তিনি ওবা ফেমির হাত উঁচু করে ধরে মাইক্রোফোনে বলেন, ‘এটা অতীত, আর ও-ই ভবিষ্যৎ।’ এরপর দুজন একে অপরকে আলিঙ্গন করেন। লেজনারের এই বক্তব্যকে অনেকেই তার অবসরের ইঙ্গিত হিসেবে দেখছেন।

এদিকে, একই রাতে লিভ মরগান দুর্দান্ত লড়াইয়ে ইয়ো স্কাইকে হারিয়ে নিজের চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছেন। টানা দুইবার ‘অবলিভিয়ন’ হিট করে জয় নিশ্চিত করেন তিনি। সোলো সিকোয়া, এলএ নাইট ও রয়েস কিজ মিলে ‘ব্লাডলাইন’কে হারিয়েছে। বিশেষ করে সোলোর পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। গুনথারের কাছে হারলেও দারুণ লড়াই উপহার দিয়ে দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছেন নিক আলডিস। ফেটাল ইনফ্লুয়েন্স দল বেলা টুইনস ও পেজের দলকে হারিয়েছে। ম্যাচ শেষে পেজের ওপর হামলা চালিয়ে নতুন নাটকীয়তার জন্ম দেন বেলা টুইনস। রাতের আরেকটি বড় চমক ছিল র‌্যান্ডি ওরটন প্রত্যাবর্তন। রেসলম্যানিয়ার পর প্রথমবার রিংয়ে ফিরে দর্শকদের উচ্ছ্বাসে ভাসেন ‘দ্য ভাইপার’।

এসএইচ