ইউক্রেন–রাশিয়া যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ভ্লাদিমির জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন | ছবি: এপি
0

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (শনিবার, ৯ মে) থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির মাধ্যমে মস্কোর চাপিয়ে দেয়া দীর্ঘ যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মস্কো আগেই ৯ মে বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একপাক্ষিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। এর আগে ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যদিও তখন রাশিয়া তাতে সাড়া দেয়নি বলে কিয়েভ দাবি করেছিল। ট্রাম্পের মধ্যস্থতায় এখন তিন দিন (৯, ১০ ও ১১ মে) যুদ্ধ বন্ধ রাখতে দুই দেশই সম্মত হয়েছে।

এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় উভয় দেশ এক হাজার করে মোট দুই হাজার বন্দি বিনিময় করবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। গত বছর ক্ষমতায় আসার আগে এই যুদ্ধ এক দিনেই বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে চার বছর ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে।

ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) যুদ্ধবিরতি ঘোষণা করছি। আমার সরাসরি অনুরোধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এতে সম্মত হয়েছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আশা করি, এর মাধ্যমেই অত্যন্ত দীর্ঘ, রক্তক্ষয়ী ও কঠিন এক যুদ্ধের পরিসমাপ্তি শুরু হলো।’

এএম