মেসির মতো কিংবদন্তির শূন্যস্থান এককভাবে পূরণ করা যেকোনো ফুটবলারের জন্য কেবল কঠিনই নয় বরং অসম্ভব এক ব্যাপার। তবে আর্জেন্টিনাকে আশার আলো দেখাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমি ও বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ। শৈল্পিক ফুটবল, চোখের নিমিষে ডিফেন্সচেরা পাস এবং মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণের দক্ষতায় তিনি এরই মধ্যেই কোচের ভরসার জায়গায় নাম লিখিয়েছেন।
এতো জলদি হয়তো বেশি প্রশংসা করাকে বাড়াবাড়ি মনে হতে পারে। তবে পরিসংখ্যান বলছে, নিকো পাজ হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের নতুন সুপারস্টার। ক্লাবের জার্সিতে রিয়াল মাদ্রিদে নিয়মিত সুযোগ না মিললেও, ইতালির ক্লাব কোমোতে এসে ঝলক দেখাচ্ছেন নিয়মিত।
সিরি আ থেকে শুরু করে ইউরোপ সেরার মঞ্চে দারুণ এক সময় পার করছেন তিনি। ২০২৪ সালে কোমোতে যোগ দেয়ার পর দলটির হয়ে এখনো পর্যন্ত ৮৫ ম্যাচে মাঠে নেমে করেছেন ২৩ গোল এবং ২২ অ্যাসিস্ট । গত মৌসুমেও ১২ গোল ও ৭ অ্যাসিস্ট করে কোমোকে লিগের সেরা চারে তুলে আনতে নেতৃত্ব দিয়েছেন তিনি।
তবে আলাদা করে নজর কেড়েছেন চলতি মৌসুমে। ইতালিয়ান লিগ সিরি আতে ৭ ম্যাচে দুই গোলের সাথে দুই অ্যাসিস্ট করলেও চ্যাম্পিয়ন্স লিগে আরো বেশি উজ্জ্বল তিনি। মাত্র তিন ম্যাচে দুই গোল করার পাশপাশি গোলে সহায়তা করেছেন তিনটিতে। যার দুটি গোলই করেছেন সবশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
শুধু ক্লাব ফুটবলই নয়, জাতীয় দলের জার্সিতেও সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করছেন বাঁ-পায়ের এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। প্লে-মেকিংয়ের পাশাপাশি সুযোগ পেলেই বক্সে ঢুকে আক্রমণের গতি বাড়াতে তাঁর জুড়ি নেই। বিশ্বকাপ বাছাইপর্ব এবং প্রীতি ম্যাচগুলোতে বল ড্রিবলিং, পাসিং এক্যুরেসি ও ক্রিয়েটিভিটিতে ১৪ ম্যাচে ৪ গোল আর দুই অ্যাসিস্টে ইতোমধ্যেই স্কালোনির স্কোয়াডে নিজের স্থান শক্ত করেছেন পাজ।
মেসির উত্তরসূরি হওয়ার মানসিক চাপ যেমন বিশাল, তেমনি তা জয় করার সামর্থ্যও নিকো পাজ লালন করেন। নিজের মেধা, ধারাবাহিকতা আর দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখতে পারলে, লিওনেল মেসির পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটা যে স্থায়ীভাবে তার হতে যাচ্ছে তাতে কোনো সংশয় নেই।





