রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের আরও এক চালান

ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর
ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর | ছবি: এখন টিভি
0

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

এর আগে, মঙ্গলবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি।

ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো সড়ক পথজুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয় চালানটির পরিবহন কার্যক্রম।

চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের চতুর্থ চালান। এ চালান পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটির জন্য জ্বালানি সরবরাহ কার্যক্রমে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এর আগে, গত ২১ অক্টোবর ইউরেনিয়ামের আরও এক চালান বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।

এসএইচ