হকারদের জন্য দ্রুতই বিকল্প স্থান ব্যবস্থা করা হবে: এমপি রনি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জিএমপির উচ্ছেদ অভিযান

উচ্ছেদ অভিযানে এম মঞ্জুরুল করিম রনি ও জিএমপি
উচ্ছেদ অভিযানে এম মঞ্জুরুল করিম রনি ও জিএমপি | ছবি: এখন টিভি
0

আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযানে অংশ নিয়ে গাজীপুর-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি জানিয়েছেন, হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের জন্য ব্যবস্থা নেয়া হবে।

আজ (শুক্রবার, ১৩ মার্চ) বিকেলে টঙ্গীর স্টেশন রোড ও চেরাগআলী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। অভিযানের সময় মহাসড়কের পাশের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন পার্কিং ও স্থাপনাও অপসারণ করা হয়।

অভিযানে অংশ নিয়ে এমপি মঞ্জুরুল করিম রনি জানান, জিএমপির নেতৃত্বে আজ থেকে মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, যা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।’

আরও পড়ুন:

এছাড়া মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়ক দখল করে ভবিষ্যতে আর অবৈধভাবে দোকানপাট বসানো যাবে না বলেও সতর্ক করেন তিনি।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ‘প্রাথমিকভাবে অবৈধ দোকানদারদের দোকান সরিয়ে নিতে নির্দেশ দিয়ে সতর্ক করা হচ্ছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক ফারহাজ বিন প্রবাল প্রমূখ।

এসএইচ