পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু; স্থানীয়দের সড়ক অবরোধ

তারে ঝুলে থাকা নিহত লাইনম্যানের ছবি
তারে ঝুলে থাকা নিহত লাইনম্যানের ছবি | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৫ এপ্রিল) বিকেল ৫টায় পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নুল হকের ছেলে। ওই লাইনম্যানের মৃত্যুর জন্য ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বিদ্যুৎ অফিসের গাফিলতিকে দায়ী করেছেন এবং ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা পঞ্চগড় নেসকোর কার্যালয়ের সামনে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ধাক্কামারা গোলচত্বর সংলগ্ন বিদ্যুতের পোলে উঠে বিদ্যুতের তার মেরামত করছিলেন লাইনম্যান শাহিন আলম। মেরামত শেষ না হতেই ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালন করা হলে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে তারেই ঝুলে ছটফট করতে থাকেন শাহিন। ১৭ মিনিট পর বিদ্যুৎ বন্ধ করে কর্তৃপক্ষ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে নামিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর পরই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে নিহতের স্বজন ও স্থানীয়রা। সন্ধায় বিষয়টি সমাধানের জন্য নেসকো পঞ্চগড়ের কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের নেতা ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

দীর্ঘ সময় আলোচনার পর বিদ্যুৎ অফিসে নিহত শাহিনের স্ত্রী সাদিয়া আক্তারকে চাকরি দেয়া, বিদ্যুৎ অফিস থেকে ৪০ হাজার ও উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা অর্থসহায়তা ও তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রতিশুতিতে রাত ৮টায় অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

পঞ্চগড় ইলেক্ট্রিক শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আলিফ আল মেহেদি বলেন, ‘ষড়যন্ত্র করে শাহিনকে মেরে ফেলা হয়েছে। এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না। এতো বড় ভুল কীভাবে হয়?’

নিহতের স্বজন খোকন হাবিব বলেন, ‘আমার বোন জামাইকে বাড়ি থেকে ডেকে আনা হয়েছে কাজের জন্য। তিনি খেতে বসেছিলেন, ঠিকভাবে খেতেও পারেননি। কাজে খুব দক্ষ ছিলেন শাহিন। যারা তার সাথে ছিলো এবং বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমে যিনি দায়িত্বে ছিলেন, তারা কীভাবে লাইন চালু করলেন? আমরা মনে করি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি। সেইসঙ্গে তার পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানাচ্ছি।’

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এরকম মৃত্যু কারো কাম্য নয়। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’

এসএইচ