আজ (শনিবার, ১১ এপ্রিল) বেলা ১২টা ২০ মিনিটের দিকে মহাসড়কের মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ৪০ জন যাত্রী নিয়ে রয়েল পরিবহনের একটি বাসটি ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে মূলজান এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী একটি বেপরোয়া ট্রাক সামনে থাকা একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বাসটিতে ধাক্কা দেয়।
আরও পড়ুন:
দুর্ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারসহ চারজন আহত হন। তবে বাসের যাত্রীদের কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাসের যাত্রী আলো খান বলেন, ‘হঠাৎ করেই একটি বেপরোয়া দ্রুতগামী ট্রাক আমাদের বাসে আঘাত করে। এতে চালক ও সুপারভাইজার আহত হন। আমরা যাত্রীরা অল্পের জন্য রক্ষা পাই। ওই বাসের চালক ও সহযোগীও আহত হয়েছেন।’
গোলড়া হাইওয়ে থানার ইন্সপেক্টর জুয়েল মিয়া বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কিছু সময় পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’





