বান্দরবানে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক

ছবিতে লাল দাগে চিহ্নিত নিখোঁজ সাইয়ান
ছবিতে লাল দাগে চিহ্নিত নিখোঁজ সাইয়ান | ছবি: এখন টিভি
0

বান্দরবানের লামায় নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সাইয়ান (১৯) নামে এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আজ (বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে লামা উপজেলার সাদা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক চট্টগ্রামের আন্দরকিল্লার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আব্দুল ওয়াদুদ সাইয়ান নামে এক পর্যটক দুপুর ১টার দিকে লামা উপজেলার সাদা পাহাড় এলাকার মাতামুহুরী নদীতে গোসল করতে নামে।

এসময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সাইয়ান। পরে স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আরও পড়ুন:

খবর পেয়ে লামার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ পর্যটক সাইয়ানকে উদ্ধার করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, ‘লামার সাদা পাহাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সাইয়ান নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। এলাকাটি দুর্গম হওয়ায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় খবর পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারী টিম ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।’

এসএইচ