কুষ্টিয়ায় চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর
শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর | ছবি: এখন টিভি
1

কুষ্টিয়ায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (সোমবার, ২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকায় অবস্থিত একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত তাসনিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানপুকুরিয়া এলাকার তরিকুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভাঙা হাতের অপারেশনের জন্য সোমবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় অপারেশন টেবিলে চিকিৎসকের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর নিহত ওই শিশুর স্বজন ও বিক্ষুব্ধ জনতা হাসপাতালটিতে ভাঙচুর চালায় এবং অভিযুক্ত দুই চিকিৎসককে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

আরও পড়ুন:

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তপ্ত পরিস্থিতিতে অভিযুক্ত দুই চিকিৎসককে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় জড়িত দুই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত দেখা যায়। অভিযুক্ত চিকিৎসকদের থানায় নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

এএইচ