উখিয়ায় প্রাইভেটকারে মাদক পাচার, আটক ১

মাদকসহ আটক ব্যক্তি
মাদকসহ আটক ব্যক্তি | ছবি: সংগৃহীত
0

কক্সবাজারের উখিয়ার শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে মাদক পাচারের সময় ৪৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ৪ মে) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা শীলখালী চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় এ অভিযান চালায়।

আটককৃত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বিটিপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে মো. মোস্তফা (৩৪) বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এসময় গাড়ির পেছনের সিটে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তার ব্যক্তিগত ট্রলিব্যাগ তল্লাশি করে ৪৪ বোতল বিদেশি মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোস্তফা স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে এসব মদ সংগ্রহ করে টেকনাফে বেশি দামে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এসএস