ফরিদপুরে এসআইসিআইপি প্রশিক্ষণের সমাপনী, ২৫ উদ্যোক্তাকে সনদ

উদ্যোক্তাদের সনদ প্রদান
উদ্যোক্তাদের সনদ প্রদান | ছবি: এখন টিভি
0

ফরিদপুরে শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবনের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সোমবার, ১১ মে) সকাল সাড়ে ১০টায় শহরের আলিপুরস্থ এসডিসি টাওয়ারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চার সপ্তাহব্যাপী এক মাসের ১০০ ঘণ্টার এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার ২৫ উদ্যোক্তাকে বাস্তবভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী, আইডিএলসি ফাইন্যান্স পিএলসির হেড অব রিজিওনাল বিজনেস খন্দকার মারুফ মোমিন এবং হেড অব ইসলামিক ফাইন্যান্স উইং মোহাম্মদ আব্দুল হান্নান।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আইডিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিতে এসআইসিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের সক্ষম করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়িত এ কর্মসূচির আয়োজক ছিল আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।

এএইচ