ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে | ছবি: এখন টিভি
3

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ (শনিবার, ৩০ মে) সকাল ১০ টার দিকে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর ব্রিজ-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে। আহতরা হচ্ছেন; গাইবান্ধার গোবিন্দগঞ্জের বগলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৩), তার ছেলে রেজা (১০), কিশোরগঞ্জ সদরের মাগরা গ্রামের ধকমলের ছেলে সিরাজুল ইসলাম (৩৮), রংপুরের ছাড়াইগাছ গ্রামের নুর জামাল ইসলামের ছেলে আরিফ (২২), লালমনিরহাটের নবী হোসেনের ছেলে মামুন (২৫), গাজীপুর কোনাবাড়ীর আ. বারেকের ছেলে তারাজুল (৩৮), একই জেলার আমপুর এলাকার তানজে আলীর ছেলে নয়ন (৪০), শুদ্ধিগঞ্জ গ্রামের চানতারার ছেলে মেহেদি হাসান (২৬), বাখিয়া এলাকার নওশের আলীর ছেলে শাহাদাত (৩৮)।

আরও পড়ুন:

কাশিমপুর এলাকার আহমদ দেওয়ানের ছেলে কামরুল (৩২), টাঙ্গাইলের কালিহাতীর রতনগঞ্জের রুবেল মিয়ার ছেলে রিয়া (২), বাসাইলের তিরঞ্জনের জালাল উদ্দিনের ছেলে মো. মোসলেম (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান।

তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল। পথে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।’

এফএস