কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন (২১) নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকাল ৭টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকায় কুষ্টিয়া-পাবনা

মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাটের বস্তাবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটির সামনের চাকার টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান।

এসময় সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যানজট সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেআর