ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

ফেনী সড়ক দুর্ঘটনা
ফেনী সড়ক দুর্ঘটনা | ছবি: এখন টিভি
0

ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ (বুধবার, ১ জুলাই) সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন খোকন (৫৫) এবং সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে কবির হোসেন (৭২)।

পুলিশ জানায়, সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এলাকায় কৃষিজমি থেকে হঠাৎ সড়কে উঠে আসা একটি ট্রাক্টরের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহাব উদ্দিন খোকনের মৃত্যু হয়। একই ঘটনায় অটোরিকশায় থাকা নিহতের ভাইসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, একইদিন সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কবির হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএ