পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী সাটুরিয়া উপজেলার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসার আবাসিক শাখার শিক্ষার্থী।
গত ৩ জুলাই দুপুরে তারা ব্যক্তিগত পরিচয় গোপন করে সাময়িকভাবে বাইরে যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর মাদ্রাসা কিংবা নিজ বাড়িতে ফিরে না আসায় উদ্বেগের সৃষ্টি হয়।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে। আজ সকালে সাভার এলাকা থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সকালে সাভার এলাকা থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে খুব শিগগিরই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’





