নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ গড়তে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ

নারায়ণগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জকে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর নগরী হিসেবে গড়ে তুলতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধ দ্রুত শনাক্ত করা, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ (সোমবার, ২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে সর্বপ্রথম এ ধরনের এআইভিত্তিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের জন্য তারা উদ্যোগ নেবেন।’

শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জের গুরুত্ব বিবেচনায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্য দিপু বলেন, ‘প্রতিদিন লক্ষাধিক মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। ভবিষ্যতে নারায়ণগঞ্জ মেট্রোরেলের আওতায় এলে সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে এবং সময় ও ভোগান্তি কমবে। এটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বড় অর্জন হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটির আওতায় আনার দাবি দীর্ঘদিনের। এটি বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।’

একইসঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘স্পেশাল’ অথবা ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবিও জানান তিনি।

দিপু বলেন, ‘দেশের মোট জিডিপিতে নারায়ণগঞ্জের অবদান প্রায় ৭.৮৬ শতাংশ। অথচ অর্থনৈতিক গুরুত্বের তুলনায় অবকাঠামো ও প্রশাসনিক সুবিধায় জেলা এখনো অনেক পিছিয়ে রয়েছে। তাই শিল্পনগরী নারায়ণগঞ্জের উন্নয়নে সরকারের বিশেষ নজর দেয়া প্রয়োজন।’

আরও পড়ুন:

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর এবং পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার সাঈদ, বিকাশ চন্দ্র সাহাসহ অন্যান্য নেতারা।

এসএস