সকাল থেকেই রাজশাহীতে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তির আনুষ্ঠানিকতা। সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর আয়োজনে শুরু হয় ম্যারাথন প্রতিযোগিতা ‘ভিক্টোরি রান উইথ রাকসু’। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় বক্তারা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে জুলাইয়ের চেতনাকে সামনে রেখে যে কোনো পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এরপর সকাল সাড়ে ৮টায় রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে জুলাই অভ্যুত্থানে আজকের দিনে রাজশাহীতে প্রথম শহিদ সাকিব আনজুমের কবর জিয়ারত করেন। এরপর সকাল ৯টায় রাজশাহীর সরকারি, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে সিএন্ডবি মোড়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান।
আরও পড়ুন:
এসময় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, রাসিকের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বে মুঈদুর রহমান মঈদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘শহিদদের এ আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে যারা বদমাইশি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
চব্বিশের গণঅভ্যুত্থানের ৫ আগস্টে রাজশাহীতে প্রথম শহিদ হয়েছেন সাকিব আনজুম। সন্তানের মৃত্যুর বিচারের দাবিতে এখনো অটল এ শহিদের বাবা। এদিকে জুলাই অভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও এখনো নানান বৈষম্যের স্বীকার হতে হচ্ছে বলে জানান জুলাই যোদ্ধা।
এরপর সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শেষে সিনেট ভবনে এসে শেষ হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম ও উপ-উপাচার্য দুই দিনব্যাপী জুলাই ২৬ উপলক্ষে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। এরপর জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।
দিবসটি উপলক্ষে বিকেলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণে নগরীর আলুপট্টি মোড়, বাটার মোড়ে জনসমাবেশের আয়োজন করা হয়েছে।




