নিহতরা হলেন—শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে রিনা আক্তার (৩০) ও তাঁর স্বামী আল আমিন। আল আমিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের ওপর যুবক-যুবতীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী কোনো ট্রেনের নিচে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। তবে কোন ট্রেনের নিচে তারা কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
নিহত রিনার স্বজনরা জানান, প্রায় চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের জেরে আল আমিনকে বিয়ে করেন রিনা। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্বজনদের দাবি, সম্প্রতি রিনা ও আল আমিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারনা করছেন স্বজনরা। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




