আজ (বুধবার, ১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন নাউতারা নদীর ওপর কোনো স্থায়ী ব্রিজ না থাকায় স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান।
এসময় একসঙ্গে অনেক লোক সাঁকোটিতে ওঠায় হঠাৎ এর একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে আহত হন। তবে এমপি যে অংশে দাঁড়িয়ে ছিলেন, সেটি ভাঙেনি।
স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, ‘এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের ব্রিজটি পরিদর্শনের জন্য ব্রিজের ওপর উঠেছিলেন। লোকজন বেশি হওয়ায় হঠাৎ করে ব্রিজটির একটি অংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে যান। এমপি যে অংশে দাঁড়িয়েছিলেন, সেটি ভাঙেনি।’
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছে। আমি ও আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা সেটি পরিদর্শনে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। সেখানে কয়েকজন পড়ে যান ও তিনজন আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।’





