শুধু অবকাঠামোগত উন্নয়নে একটি জাতির সমৃদ্ধি সম্ভব নয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রতিমন্ত্রী মীর হেলাল
প্রতিমন্ত্রী মীর হেলাল | ছবি: এখন টিভি
0

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতিকে পরিপূর্ণভাবে উন্নত-সমৃদ্ধ করা সম্ভব নয়। এটা করতে হলে অবশ্যই মানবসম্পদ উন্নত করতেই হবে। বর্তমান সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে।

আজ (রোববার, ২৩ আগস্ট) দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা রংধনু জাতি গঠনের কথা বলি। রংধনুর প্রতিটি রং-ই আলাদাভাবে সুন্দর। কিন্তু যখন সাতটি রঙের সংমিশ্রণ হয়, একসঙ্গে হয় এটা কিন্তু অপূর্ব সুন্দর। আমরা চাই, এই তিন পার্বত্য জেলায় যতগুলো সম্প্রদায় বসবাস করছে, তারা যেন একত্রিত হয়ে রংধনুর মতো সুন্দর জাতি গঠন করে।’

এসময় পার্বত্য চট্টগ্রামকে সবাই মিলে আরও অনেক উন্নত-সমৃদ্ধ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত ফ্রিল্যান্সিং সার্টিফিকেট, সেলাই মেশিন ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

পরে প্রতিমন্ত্রী পৃথক অনুষ্ঠানে রাঙামাটি শিশু পার্কের ওয়াচ-টাওয়ার ও রাঙামাটি জেলা পরিষদের ই-লার্নিং সেন্টার, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে মহাপুরম খালের সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন ও সেতু উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্‌ আহাম্মদ, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ