গতকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কাছে অস্ত্র ও ওয়াকিটকি হস্তান্তর করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
এর আগে, মঙ্গলবার বিকেলে সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এসময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে সরে যান বলে জানা গেছে।
পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে হেফাজতে নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হলে তাদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেরত দেয় বিজিবি।





