গতকাল (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের দোতলার বারে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত রাশেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে রাশেদ কয়েকজন যুবকের সঙ্গে হোটেলের বারে বসে ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। পরে এক পক্ষ আরও কয়েকজন যুবককে ডেকে আনে। এ সময় রাশেদকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর রাশেদকে হাসপাতালে নেয়া হলেও তার মৃত্যু হয়। তিনি কক্সবাজারের ফিশারিঘাট এলাকায় ব্যবসা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন:
এদিকে রাশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই ফিশারিঘাট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় লোকজন অভিযুক্ত মোহাম্মদ সোলাইমানকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সোলাইমানের মৃত্যু হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে, ঘটনার সূত্রপাত কীভাবে এবং এতে কারা জড়িত ছিলেন এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।’
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। একই সঙ্গে গণপিটুনিতে সোলাইমানের মৃত্যুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।




