আজ (শনিবার, ২৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদ আহম্মেদ মানিক বলেন, ‘শিক্ষার মান উন্নয়নের দায়িত্ব শুধু শিক্ষকদের নয়, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদেরও। দায়িত্ব নিয়ে নিষ্ক্রিয় থাকলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। শিক্ষার সার্বিক মানোন্নয়নে প্রতি মাসে অভিভাবক সমাবেশ ও জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসে এসব কমিটি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কী পদক্ষেপ নেয় ও তা বাস্তবায়ন করে, তার ওপর পরবর্তী কমিটি নির্ধারণ করা হবে। দায়িত্ব নিয়ে বসে থাকা ব্যক্তিদের কমিটিতে রাখার প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘আগামী এসএসসি পরীক্ষার আগে শিক্ষকদের পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। নিয়মিত অভিভাবক সমাবেশ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলায় আগ্রহী করা এবং কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া প্রতিরোধে সচেতনতা তৈরি করতে হবে।’
নির্বাচনি এলাকায় শিক্ষার হার ও মান বাড়লে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ পাওয়ার সুযোগ তৈরি হবে। নতুন প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে নিতে সরকার কাজ করছে।’
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হকিমা। অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরা বক্তব্য দেন।
সভা শেষে অ্যাডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে ফুটবল তুলে দেয়া হয়।





