ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১৫

দুর্ঘটনাগ্রস্ত বাস
দুর্ঘটনাগ্রস্ত বাস | ছবি: সংগৃহীত
0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আলিম চট্টগ্রামের বারোয়ারহাট পৌরসভার আবদুল কাদেরের ছেলে। গতকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপোল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৫) নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়।

এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে দুটি রেকার ব্যবহার করা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, এ ঘটনা নিহত আব্দুল আলিম (৪০) বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা। তিনি সিলেট কাস্টমসের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুল কাদের।দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেয়ার চেষ্টা চলছে।

জেআর