দিবাগত রাত ২টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন।
আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে ছিলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী একটি গাড়ি। পরে যানবাহনগুলোতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। তিনি সড়কের পরিস্থিতি ঘুরে দেখেন এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





