নেত্রকোণায় সোমেশ্বরীতে পানিতে ডুবে ১ কিশোরের মৃত্যু

মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. সিফাত (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২১ অক্টোবর) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর রানীখং এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কিশোর সিফাত কুল্লাগড়া ইউনিয়নের কাঁকড়াকান্দা গ্রামের মো. ইউসুফের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বহেরাতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে সিফাত। দুপুরে খালাতো ভাই আলী হাসানকে সাথে নিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর তীব্র স্রোতে ভেসে গেলে বাঁশ ধরে খালাতো ভাই আলী হাসান তাকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু পরে পুনরায় স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা সিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার হুরে জান্নাত শিমুল তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার এসআই জাকির হোসেন জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে সরজমিনে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জেআর