নিহতরা হলেন— বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও পঞ্চগড় সদর উপজেলার বোদাপাড়া চারমাইল এলাকার কাঠমিস্ত্রী জাহাঙ্গীর আলম (৪০)।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বোয়ালমারী এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম (৫৫)। পথে মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালীমন্দির এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুর কুদ্দুসের স্ত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে পঞ্চগড় সদর উপজেলায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল বোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করছিলেন জাহাঙ্গীর আলম। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’





