যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত, আহত ২

হাসপাতালে মরদেহ
হাসপাতালে মরদেহ | ছবি: এখন টিভি
0

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। গতকাল (শুক্রবার, ২৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের সিয়াম হোসেন (১৯), শহরের বেজপাড়া রানার অফিস মোড়ের আরিফুল ইসলাম জয় (১৮) ও অজ্ঞাত পরিচয়ের একজন। এদিকে আহত ওমর ফারুক এবং রাকিব হাসান রিফাতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন:

সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দু’জন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

এসএইচ