কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল জানান, মহাখালী এলাকার পরিবহন মালিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ চলছে। এর মধ্যে পুরনো বাস সরবরাহ এবং কাউন্টার বন্ধ করে দেয়ার বিষয়টি নিয়ে সমস্যা আরও বেড়েছে।
আনিসুজ্জামান বাবুল বলেন, ‘মহাখালীর মালিকেরা আমাদের সঙ্গে বিভিন্নভাবে অসহযোগিতা করছেন। বিভিন্ন লোকের মাধ্যমে তারা পুরনো গাড়ি দিতে চান। অথচ কিশোরগঞ্জের অন্যান্য পরিবহনে নতুন গাড়ি চলছে। পুরোনো গাড়ি নিতে রাজি না হওয়ায় তারা কাউন্টার বন্ধ করে দেন। কথায় কথায় কাউন্টার বন্ধ করে দেয়ার কারণে আমরা সমস্যায় পড়ছি। আমরা এ সমস্যার সমাধান চাই। এ কারণে বাস চলাচল বন্ধ রেখেছি।’
আরও পড়ুন:
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে। সমস্যা সমাধানে রোববার দুপুর ১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের আলোচনার জন্য ডাকা হয়েছে।
এদিকে, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি বেড়েছে।
বাস চলাচল বন্ধের তালিকায় রয়েছে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস। এতে কিশোরগঞ্জ-মহাখালী রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।




