শ্রীমঙ্গলে অবৈধ মজুতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, এলপিজি জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান | ছবি: এখন টিভি
1

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও এলপিজি সিলিন্ডার অবৈধভাবে মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ এলপিজি জব্দ করা হয়েছে।

আজ (শুক্রবার, ২৭ মার্চ) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার সাতগাঁও পয়েন্ট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ‘মেসার্স ন্যাশনাল ট্রেডিং’ নামের প্রতিষ্ঠানকে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১ হাজার ৯৭১টি সিলিন্ডারে থাকা মোট ২৯ হাজার ৭২৪ কেজি এলপিজি গ্যাস জব্দ করা হয়।

এছাড়া ‘শান্ত এন্টারপ্রাইজ’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে অকটেন ও পেট্রোল মজুত এবং ৫ হাজার কেজি জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ের সঠিক তথ্য দিতে না পারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন:

উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, ‘অভিযানে অবৈধভাবে এলপিজি ও জ্বালানি তেল মজুতের অপরাধে বিধিমালা অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এর মধ্যে শান্ত এন্টারপ্রাইজকে ৫০ হাজার এবং ন্যাশনাল ট্রেডিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

মো. ইসলাম উদ্দিন বলেন, ‘অবৈধ মজুদকৃত এলপিজি ও জ্বালানি তেলের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। বাজারে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

এনএইচ