র্যাব-১৫ এর সিপিএসসি সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় অবস্থান করে ডিজিটাল মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাবের একটি দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সালাহউদ্দিন আহমেদকে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুন:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার আগের রাতে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করতো। টাকা আদায়ের জন্য বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করে অর্থ গ্রহণের পরপরই ভুক্তভোগীদের ব্লক করে দিত।
গ্রেপ্তারকৃত সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সদরের সিটি কলেজ রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম রফিকুল ইসলাম।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং এ ধরনের গুজব ও প্রতারণা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।





