শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মোয়াজ্জিন খুন, গ্রেপ্তার ১

শ্রীমঙ্গল থানা
শ্রীমঙ্গল থানা | ছবি: সংগৃহীত
1

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে হাফিজ উল্লাহ (৮০) নামের এক মোয়াজ্জিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৩ মে) ভোরে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত মুয়াজ্জিন ওই এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে সিজদারত অবস্থায় থাকা হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জনগণের সহায়তায় এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনিও একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন:

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক মুন্না জানান, ফজরের নামাজ চলাকালে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি দোকান থেকে বাকিতে পণ্য নেয়া নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এসএইচ