ফরিদপুরে তুচ্ছ ঘটনায় চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। আজ (শুক্রবার, ২৯ মে) বিকেলে উপজেলার চর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা যায়, সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের বাসিন্দা কাজী সিরাজুল ইসলাম (৫৭) মানিকগঞ্জে একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন বোনদের কোরবানীর মাংস দেয়ার জন্য।

বাড়িতে আসার পর দেখতে পান বাড়ির কয়েকটি গাছ কাটা হয়েছে। এমনটি দেখতে পেয়ে ভাতিজা সুমনের কাছে গাছ কাটার বিষয়টি জানতে চান। ভাতিজা সুমন সদুত্তর দিতে না পারায় চাচা সিরাজুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সুমন (৪০) ও তুষার (৩২) দুই ভাই চাচা সিরাজুলের উপর হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে হামলা করে। এসময় অপর ভাতিজা মাসুদ রানা (৪০) ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন:

পরে পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে শহরের হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত মাসুদ রানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা— এমনটি জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কোতয়ালী থানা পুলিশ।’

এছাড়া এখন পর্যন্ত নিহতের পরিবারের সদস্যরা থানায় কোনো অভিযোগ দেয়নি এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এসএইচ