কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত; অভিযুক্ত চালক গ্রেপ্তার

অভিযুক্ত কাভার্ড ভ্যানচালক
অভিযুক্ত কাভার্ড ভ্যানচালক | ছবি: সংগৃহীত
0

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অলি নূর মাহমুদ (২৩) নামক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। সেই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানও উদ্ধার করা হয়েছে।

নিহত অলি নূর মাহমুদ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত চালক মো. লিমন খানকে (২৬) গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গত রোববার সকাল আনুমানিক ৯টা ৫২ মিনিটে অলি নূর মাহমুদ মোটরসাইকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলা মাঠের পাশের সড়ক দিয়ে যায়। এ সময় একটি অটো রিকশার ধাক্কায় রাস্তায় পড়ে যান। পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চালক বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালিয়ে নিহতের মাথার ওপর দিয়ে বাম চাকা তুলে দিলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন:

পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মসিহ উদ্দিন মাহমুদের অভিযোগের প্রেক্ষিতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলা তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক কাভার্ড ভ্যান চালক ও কাভার্ড ভ্যানটি শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুর আনুমানিক ২টার দিকে শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে ঘাতক চালক মো. লিমন খানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এফএস