শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১- এর ১২(১) ধারা অনুযায়ী ড. মোছা. নূর মহল আখতার বানুকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ দ্রুত সময়ের মধ্যে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপ-উপাচার্য হিসেবে তার এ নিয়োগের মেয়াদকাল যোগদানের তারিখ থেকে আগামী ৪ (চার) বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে এর মধ্যে তার স্বাভাবিক অবসরের বয়স পূর্ণ হলে সেই সময় পর্যন্তই তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।





