জবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. আনওয়ারুস সালাম

নতুন চেয়ারম্যান ড. আনওয়ারুস সালাম
নতুন চেয়ারম্যান ড. আনওয়ারুস সালাম | ছবি: এখন টিভি
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

আদেশ অনুযায়ী, বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ২৬ সেপ্টেম্বর তিন বছর পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পরদিন ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। এতে বলা হয়েছে, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা মোতাবেক উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে তাকে পদায়ন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সূচনালগ্ন থেকেই শিক্ষকতা করে আসছেন আনওয়ারুস সালাম।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভাগীয় বিভিন্ন একাডেমিক উন্নয়ন ও গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বও সামলাচ্ছেন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের (পিআরআইপি) পরিচালকের দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বিভাগের সার্বিক শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও গতিশীল এবং আন্তর্জাতিক মানের করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, তার মেধা, দীর্ঘ অভিজ্ঞতা এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আগামী দিনগুলোতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

এএইচ