আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই; আকাশ থাকবে আংশিক মেঘলা

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর | ছবি: সংগৃহীত
0

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ। তবে দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (বুধবার, ৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, আজ রাজধানীতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রাও আগের মতোই বাড়তি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল (মঙ্গলবার, ৫ এপ্রিল) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯১ শতাংশ। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২ মিলিমিটার।

এদিকে, সারা দেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অবস্থায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এফএস