প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্য ও সাংবাদিকদের বহনকারী আরও দুটি উড়োজাহাজ রাজধানী ইসলামাবাদের পাশের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারও রয়েছেন। ২০১১ সালের পর এই প্রথম কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান সফর করলেন।
ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলী বাঘেরি কানিসহ অন্যরা। তারা আজ (শনিবার, ১১ এপ্রিল) ভোরে ইসলামাবাদে পৌঁছান।
পাকিস্তান ‘ইসলামাবাদ টকস’ নামে পরিচিত এই ঐতিহাসিক আলোচনা আয়োজন করছে। এই আলোচনা সরাসরি ও পরোক্ষ—উভয় ধরনের ফরম্যাটে হতে পারে।
পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর কঠোর নিরাপত্তার মধ্যে একটি অপ্রকাশিত স্থানে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, এটি ‘কয়েক দিন’ ধরে চলতে পারে।
এ আলোচনায় ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একে ‘স্থায়ী যুদ্ধবিরতি খোঁজার জন্য নির্ণায়ক’ বলে বর্ণনা করেছেন।
আনাদুলুতে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দুই প্রতিনিধি দলেরই আলাদাভাবে শরিফের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।





