পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথমধাপে প্রায় ৯১ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে এত বেশি ভোট প্রদানের হার দেখা যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর অন্যতম প্রধান কারণ ভোটার তালিকায় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। পরবর্তীতে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় ভোটাধিকার প্রয়োগে গুরুত্ব দিয়েছেন ভোটাররা।
এছাড়াও, ভোট অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সক্রিয়তাকেও অন্যতম কারণ হিসেবে মনে করছেন তারা। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত বাংলায় সর্বোচ্চ ভোটের হার ছিলো ৮৪ শতাংশ।
আরও পড়ুন:
এ নিয়ে মুখ খুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। বিজেপির কেন্দ্রীয় নেতা এবং বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর অভিমত, এটাই বিজেপির ক্ষমতায় আসার ইঙ্গিত। বিজেপির আরেক নেতা নেতা দিলীপ ঘোষ বলেছেন, ভুয়া ভোটারের বদলে আসল ভোটার কেন্দ্রে আসায় ভোট প্রদানের হার ৯০ শতাংশ ছাড়িয়েছে।
বিপরীতে, জনপ্রিয় নির্মাতা ও তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী জানিয়েছেন, মানুষের এ উচ্ছ্বাস প্রমাণ করে তৃণমূলের বিজয় আসন্ন। ইভিএম খুললে শুধু জোড়া ফুলই দেখা যাবে।
ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর প্রথম দফার ১৫২ আসনে ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি, ৬০ লাখ, ৭৭ হাজার, ১৭১ জন। ভোট দেয়ার জন্য মোট ৪৪ হাজার ৩৬৭ টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছিল। প্রত্যেকটি বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলে। ফলে সহিংসতা ঘটা মাত্র পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।





