ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে পূর্বাভাসে বলা হচ্ছে, নির্বাচনে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। তবে বর্তমান মূখ্যমন্ত্রী মমতা বলছেন, ‘পুরোটাই মিথ্যা নিউজ প্রচার করা হচ্ছে। নির্বাচন কমিশন ইচ্ছে মতো খেলছে। সুতরাং কাউন্টিং এজেন্ট ও কর্মীদের বলবো, মন খারাপ করবেন না। আমি আগেও বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন থেকে চার রাউন্ড কাউন্ট হলেও, এটা ১৪ থেকে ১৮ রাউন্ড পর্যন্ত কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি।’
নির্বাচনে ভবানীপুর আসনে লড়ছেন মমতা। সেখানে তার প্রতিদ্বন্দ্বী এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী ও বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আসনটিতে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ষষ্ঠ রাউন্ডের ভোট গণনা শেষে বিজেপি ১৫ হাজার ৪৫১ এবং তৃণমূল কংগ্রেস-টিএমসি ৩২ হাজার ৭২২টি ভোটে এগিয়ে। আগের রাউন্ডের গণনাগুলোতে কখনো কখনো শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন।
আরও পড়ুন:
ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্ট ও কর্মীদের ভোট গণনার কেন্দ্র ছেড়ে না যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, ‘প্রথম দুই-তিন রাউন্ডে ওদেরগুলো (ফলাফল) আগে দেখাবে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিংয়ের পরে গণনা বন্ধ করে দিয়েছে।’
মমতা অভিযোগ করেন, ‘কেন্দ্র থেকে জোরপূর্বক চারদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে। অফিস ভাঙছে, এসআইআর রেইড নামে ভোট লুট করেছে। কিন্তু এখনো ৭০-১০০ আসন আছে যেগুলোতে আমরা এগিয়ে আছি। সেগুলো বলছে না।’
এদিকে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘মানুষ অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিজেপি দীর্ঘকাল ধরে বাংলায় একটি বড় রাজনৈতিক সাফল্যের অপেক্ষায় ছিলো।’





