লেবাননের দক্ষিণাঞ্চলে অস্ত্র হাতে এভাবেই ঢুকে পরে ইসরাইলি সেনারা। দখলে নেয় লিতানি নদীর পাশের নাবাতিয়েহ শহর। সেই সঙ্গে কব্জা করে ৯শ' বছরের পুরনো বিউফোর্ট দুর্গ। যেখানে ২৬ বছর আগে ইসরাইলের সামরিক ঘাঁটি ছিলো। একে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সর্বোচ্চ কৌশলগত অর্জন দাবি করছে তেল আবিব।
প্রাগৈতিহাসিক এই দুর্গ দখলে নেয়ার পর হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহ বলেন, সাহসী যোদ্ধারা বিউফোর্ট দুর্গ দখলে নিয়েছে। সেখানে তারা ইসরাইলের পতাকা টানিয়েছে। আইডিএফকে লেবাননে হামলার তীব্রতা আরও বাড়ানোর আদেশ দিচ্ছি।
আরও পড়ুন:
এ পরিস্থিতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের ম্লিক ও কাফারহুনায় শহর থেকে বাসিন্দাদের জরুরি ভিত্তিতে অন্যত্র যাওয়ার হুঁশিয়ারি দেয় আইডিএফ। হিজবুল্লাহ বিরোধী অভিযানে এই দুই শহরেও হামলা হতে পারে বলে জানায় তারা।
তবে বসে নেই হিজবুল্লাহও। ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা করে তারা। এরইমধ্যে হিজবুল্লাহর আঘাতে এক আইডিএফ সেনা নিহত হয়েছে বলে জানায় ইসরাইলি সংবাদমাধ্য টাইমস অব ইসরাইল।
লেবাননে ইসরাইলি হামলায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। তীব্র নিন্দা জানিয়েছেন আরব লীগ প্রধান জেনারেল আহমেদ আবুল গিয়েত। জরুরি ভিত্তিতে সেখানে যুদ্ধবিরতির আহ্বান তার। অভিযোগ, আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে লেবাননের সার্বভৌমত্বের ওপর হাত বাড়িয়েছে তেল আবিব।
আরব লীগ ছাড়াও যুক্তরাজ্য ও জার্মানি ইসরাইলি প্রধানমন্ত্রীর এ পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে। এ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স।
ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিতে ব্যর্থ ট্রাম্প প্রশাসন এবার লেবানন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় নেমেছে। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, লেবানন ও ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরে নতুন প্রস্তাব দেন রুবিও।




