দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে একটি স্মরণ অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ি এই দাবি করেন। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের বৈশ্বিক অবস্থান 'শক্তিশালী' করেছে। তার দাবি, ইরানের প্রতিরোধ সক্ষমতা এতটাই বেড়েছে যে 'জুয়াড়ি ট্রাম্প' এখন তেহরানের সঙ্গে আলোচনা করতে ভয় পাচ্ছেন। রেজায়ি আরও দাবি করেন, মার্কিন নীতি ক্রমেই ইসরাইলি প্রভাবে পরিচালিত হচ্ছে এবং ইসরাইলপন্থি লবিস্টদের কারণে যুক্তরাষ্ট্র কার্যত 'জায়নবাদী শাসনের উপনিবেশে' পরিণত হয়েছে।
রেজায়ির এই মন্তব্যের আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক লেবাননসহ সব ফ্রন্টে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার পথ খুলে দেবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আগামী 'কয়েক দিনের মধ্যেই' ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি চুক্তি সই হবে বলে ওয়াশিংটন প্রত্যাশা করছে। তার দাবি, এই চুক্তির ফলে শেষ পর্যন্ত ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ হয়ে যাবে।





