মোপেডের ইঞ্জিনের শব্দ ড্রোনের মতো হওয়ায় তা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে।’ সম্প্রতি ইউক্রেন ক্রিমিয়ায় ড্রোন হামলা জোরদার করায় সেখানে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং প্রতিটি গাড়ির জন্য ২০ লিটার তেলের সীমা নির্ধারণ করা হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এদিকে, ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কো অঞ্চলের বৃহত্তম জ্বালানি সরবরাহকারী শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব মস্কোর গ্যাজপ্রম নেফট শোধনাগারে এই হামলার ফলে এর বড় একটি ইউনিটের কাজ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ৫০০ কিলোমিটার দূর থেকে এই নিখুঁত হামলা চালানো হয়েছে। তিনি একে রুশ হামলার ‘যথাযথ জবাব’ হিসেবে অভিহিত করেছেন। যদিও রুশ জরুরি সেবা বিভাগ দাবি করেছে আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো শোধনাগারটি অচল হওয়ার কথা জানিয়েছে।
জি–৭ সম্মেলনে অংশ নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, রাশিয়ার তেলের ওপর আবারও মার্কিন নিষেধাজ্ঞা বহাল হতে পারে। ইরান যুদ্ধের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র এসব নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দিয়েছিল। ট্রাম্প বলেন, ‘এখন যেহেতু হরমুজ প্রণালি দিয়ে তেল আসা শুরু হয়েছে, আমরা খুব শিগগিরই রাশিয়ার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার অবস্থানে থাকব।’ জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প আরও বলেন, যুদ্ধের ময়দানে দুই পক্ষেই প্রচুর তরুণ মারা যাচ্ছে, তাই রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে আসা।
যুদ্ধের ময়দানে মঙ্গলবার রাশিয়ার হামলায় অন্তত ৮ জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিকোপোলে ড্রোন হামলায় ৮৭ বছর বয়সী এক নারী ও তার ছেলেসহ তিনজন প্রাণ হারান। দোনেৎস্কের স্লোভিয়ানস্ক এবং জাপোরিঝঝিয়াতেও রুশ হামলায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অন্যদিকে, ইউক্রেনের একটি সু–২৪এম বোমারু বিমান পশ্চিমাঞ্চলীয় খমেলনিটস্কি অঞ্চলে বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
এছাড়া পোল্যান্ডের বিয়ালা পোডলাস্কা শহরে পুতিন ও চেচেন নেতা রমজান কাদিরভের কড়া সমালোচক রুশ শিল্পী রবার্ট কুজোভকভকে গুলি করে হত্যা করা হয়েছে। সেমিয়ন স্ক্রেপেটস্কি ছদ্মনামে পরিচিত এই শিল্পীকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় দুই বেলারুশ নাগরিককে আটক করা হয়েছে। অন্যদিকে, রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগে চারটি চীনা প্রতিষ্ঠানের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছে লন্ডনের চীনা দূতাবাস।





