মা-বাবার অনুমতি ছাড়া চালকের আসনে বালক; পিকআপের ধাক্কায় ৮ ভিক্ষু নিহত

থাইল্যান্ডের মুকদাহানে সেই দুর্ঘটনাস্থল
থাইল্যান্ডের মুকদাহানে সেই দুর্ঘটনাস্থল | ছবি: আল জাজিরা
0

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে এক বালকের (১১) চালানো পিকআপ ভ্যানের ধাক্কায় আটজন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। বাবা-মায়ের অনুমতি ছাড়াই বাড়ি থেকে গাড়িটি নিয়ে বের হয়েছিল ওই বালক। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) মুদাহান প্রদেশে তীর্থযাত্রার মিছিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুলিশ জানায়, প্রায় ৩০ জন ভিক্ষুর একটি দল মুদাহান থেকে উবোন রাতচাথানি প্রদেশের দিকে তীর্থযাত্রা শুরু করেছিলেন। যাত্রা শুরুর মাত্র ৩০ মিনিটের মাথায় দ্রুতগতির পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সারিবদ্ধভাবে হাঁটতে থাকা ভিক্ষুদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ১০ থেকে ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ভিক্ষু ফ্রা সোমপং জানান, তারা রাস্তার ধার দিয়ে মন্ত্র জপ করতে করতে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ প্রচণ্ড গতিতে আসা গাড়িটি তাদের ওপর উঠে পড়ে। সামনের সারিতে থাকা কয়েকজন ভিক্ষু লাফিয়ে আত্মরক্ষা করতে পারলেও পেছনের অনেকে ছিটকে পড়েন। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সারিবদ্ধ ভিক্ষুদের ধাক্কা দিচ্ছে।

মুদাহান প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল পাইরোজ থাইফুতসা জানিয়েছেন, অভিযুক্ত বালককে হেফাজতে নেয়া হয়েছে। শিশু সুরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, ‘কেন ও কীভাবে একটি শিশু গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার সুযোগ পেল, তা জানতে বালকের বাবা-মাকেও তলব করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

এএম