পাকিস্তানে তুষারধসে বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জনের মৃত্যু

0

পাকিস্তানে অভিযান চালানোর সময় তুষারধসে মারা গেছেন বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা। বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ সবচেয়ে কম সময়ে জয় করে রেকর্ড গড়া এই পর্বতারোহীর মৃত্যুর খবর শনিবার নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুরজার অভিযান আয়োজনকারী প্রতিষ্ঠান ‘এলিট এক্সপেড’ ইনস্টাগ্রামে এক পোস্টে জানায়, ‘গভীর দুঃখ ও হৃদয়বিদারক শোকের সঙ্গে আমরা নিশ্চিত করছি, ব্রড পিকে তুষারধসের পর নির্মল “নিমসদাই” পুরজা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, ওই অভিযানের অন্যান্য সদস্যরাও দুর্ভাগ্যজনকভাবে বেঁচে ফেরেননি। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত বৃহস্পতিবার থেকে ৪৩ বছর বয়সী পুরজাসহ আরও ৯ জন নিখোঁজ ছিলেন। পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে ৮ হাজার ৫১ মিটার উঁচু ব্রড পিকে আরোহণের সময় তারা তুষারধসের কবলে পড়েন। বিশ্বের ১২তম উঁচু এই পর্বত আরোহণ কারিগরি দিক থেকে অত্যন্ত কঠিন হিসেবে পরিচিত।

ব্রিটিশ বিশেষ বাহিনীতে একজন গোর্খা সেনা হিসেবে কর্মরত ছিলেন পুরজা। ২০১৯ সালে মাত্র ছয় মাসে বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ জয় করে রেকর্ড গড়েন তিনি। এই কীর্তি নিয়ে দুই বছর পর নেটফ্লিক্সে ‘১৪ পিকস: নাথিং ইজ ইম্পসিবল’ নামে একটি প্রামাণ্যচিত্র মুক্তির পর তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পান।

বৃহস্পতিবার দুপুরে ১০ পর্বতারোহীর ওই দলটি তুষারধসের কবলে পড়ে। এদের মধ্যে ছয়জন নেপালের এবং বাকিরা পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র ও চীনের নাগরিক।

এএম