মুক্তি পেতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

ইমরান খান
ইমরান খান | ছবি: সংগৃহীত
0

স্বাস্থ্যগত দিক বিবেচনায় কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান মুক্তি পেতে পারেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সরকারের সঙ্গে ইমরানের পরিবারের আলোচনা হচ্ছে বলেও প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য অবজারভার। তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের পরিবারের সঙ্গে ইমরান খানকে দেখা করতে না দেয়ার অভিযোগ উঠেছে।

সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের পর দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তারকা ক্রিকেটার ইমরান খান। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে না দেয়া, মৃত্যুর গুজব, ইমরানের স্বাস্থ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষের গাফিলতিসহ নানা অভিযোগের মধ্যেই চলতি সপ্তাহে কারাবন্দী জীবনের তিন বছর পূর্ণ করবেন ইমরান খান।

ইমরানের কারাবরণ নিয়ে যখন দিন দিন উত্তপ্ত হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন, তখনই তার মুক্তির গুঞ্জন তৈরি হয়েছে পাকিস্তানজুড়ে। এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার। পাকিস্তানের সামরিক বাহিনী ও পরিবারের সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, স্বাস্থ্যগত দিক বিবেচনায় ইমরানকে মুক্তি দিতে পারে সরকার। এ বিষয়ে চুক্তিতে পৌঁছাতে সরকারের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে ইমরানের পরিবারের আলোচনা হচ্ছে বলেও দাবি করেছে গণমাধ্যমটি।

এদিকে, ইমরানের মুক্তির গুঞ্জনের মধ্যেই ফের আদিয়ালা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে ইমরান খানকে দেখা করতে না দেয়ার অভিযোগ তুলেছেন তার বোন আলিমা খান। তার দাবি, সপ্তাহের প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার পরিবার ও আইনজীবীদের সঙ্গে ইমরানের সাক্ষাতে আদালত স্পষ্ট নির্দেশনা দিলেও তা মানছে না আদিয়ালা কারা কর্তৃপক্ষ।

এছাড়াও, আলাদা বিবৃতিতে ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসেমের দাবি, গেল প্রায় ৭ মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ইমরান খান। দীর্ঘ কারাবাসে ইমরানের স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে বলেও শঙ্কা দুই পুত্রের।

এদিকে, পাকিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে ইমরানের মুক্তির বিষয়টি সরকারকে বিবেচনায় নেয়ার আহ্বান বিশ্লেষকদের।

ইএ