অন্যদিকে, দাবানল পরিস্থিতির অবনতি হয়েছে ইন্দোনেশিয়ার পূর্ব জাভায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যান। এছাড়াও, নতুন করে দাবানল ছড়িয়েছে স্পেন, ইতালি ও সার্বিয়ায়। চলতি মৌসুমের পঞ্চম তাপপ্রবাহের কবলে যুক্তরাজ্য।
উত্তপ্ত লাল আভার মতো জ্বলতে থাকা আগুনই জানান দিচ্ছে দাবানলের ভয়াবহতা। যতদূর চোখ যায় শুধু আগুন আর আগুন।
এক রাতের ব্যবধানে দ্বিগুণ গতিতে ছড়িয়ে পড়েছে পশ্চিম কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের দাবানল। এখন পর্যন্ত প্রদেশটির ৯,৫০০ হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বিভাগের ২ হাজার সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রদেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে অন্তত ২০ হাজার বাসিন্দাকে।
স্থানীয়রা জানান, আগুনটি একেবারে পাহাড়ে কাছে চলে এসেছে। সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছি। হাইওয়ে বন্ধের আগেই নিরাপদ স্থানে চলে যাব।
সকাল পর্যন্ত ব্রিটিশ কলাম্বিয়ায় ১০৫টি সক্রিয় দাবানলের খবর পাওয়া গেছে। মাঠে ২ হাজারেও বেশি দমকল কর্মী নিয়োজিত। শুধু আগুন নিয়ন্ত্রণ নয়, দাবানল কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতেও কাজ করছে কর্তৃপক্ষ।
এদিকে, আবারও দাবানলের কবলে স্পেন। শুক্রবার থেকে জ্বলছে দেশটির দক্ষিণাঞ্চলীয় নিয়েবলা ও হুয়েলভা প্রদেশ। পুড়ে ছাই অন্তত ৪ হাজার হেক্টর এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৩ শতাধিক দমকল কর্মী। বাতাসের দিক পরিবর্তনের কারণে দাবানল পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তৃতীয় দিনের মতো দাবানলে পুড়ছে সার্বিয়ার বনাঞ্চল। ধোঁয়ার কুণ্ডলী পাকানো আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। হেলিকপ্টার থেকে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকল কর্মীদের।
দাবানল সক্রিয় ইতালির গার্দা হ্রদের তীরবর্তী পাহাড়ি অঞ্চলেও। আগুন থেকে আবাসস্থল রক্ষায় দিন- রাত চেষ্টা করছেন দমকলকর্মীরা। সরিয়ে নেয়া হয়েছে ২ শতাধিক বাসিন্দাকে।
ইউরোপের দাবানলের আঁচ লেগেছে এশিয়াতেও। প্রায় এক সপ্তাহ ধরে পুড়ছে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার বিভিন্ন অঞ্চল। ভস্মীভূত প্রদেশটির ৪৩৫ একর এলাকা। দাবানল ছড়িয়ে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে প্রদেশটির মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যান।
এদিকে, চলতি বছরের পঞ্চম হিটওয়েভের সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাজ্য। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী সপ্তাহে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে দাপট দেখাবে তাপমাত্রার পারদ। তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় নাগরিকদের নানা পরামর্শও দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত ইয়েলো হিট অ্যালার্ট জারি রয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে।





