পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম: সৌদি আরব

ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটে লড়াইয়ের সময় জ্বলছে সামরিক যান
ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটে লড়াইয়ের সময় জ্বলছে সামরিক যান | ছবি: সংগৃহীত
0

পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহী বাহিনীর চালিত ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) গভীর রাতে ড্রোনটি ভূপাতিত করার পর জোটের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। ৫৭টি মুসলিম দেশের সংস্থা ওআইসি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে হুথি রাজনৈতিক ব্যুরোর কর্মকর্তা হাজেম আল-আসাদ মক্কায় হামলার অভিযোগকে ‘পুরোনো ও জীর্ণ মিথ্যাচার’ হিসেবে প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন। তার দাবি, সৌদি আরবের বিরুদ্ধে তাদের অভিযান কেবল সামরিক ও অর্থনৈতিক স্থানগুলোতে সীমাবদ্ধ।

সম্প্রতি হুথি বিদ্রোহীরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল এবং বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর রিয়াদের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করেছে। হুথিদের এই আগ্রাসনের জবাবে ইয়েমেনের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ৫২টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। এর ফলে লোহিত সাগরে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও উপপ্রধানমন্ত্রী ইশাক দার সৌদি আরবের সার্বভৌমত্ব ও পবিত্র হারামাইন শরিফাইনের নিরাপত্তায় রিয়াদের পাশে থাকার পুনরুল্লেখ করেছেন। আন্তর্জাতিক সংকট কাটাতে সব পক্ষকে কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

এএম