মারিয়া জাকারোভা বলেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েছে। তাদের এ ধরনের তৎপরতা সংঘাত সমাধানের পথকে আরও দীর্ঘায়িত করছে।
ইউক্রেনের জন্য পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ন্যাটো ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইতিমধ্যে জানিয়েছে, ইউক্রেনকে রুশ বাহিনী প্রতিহত করতে তারা সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
সংবাদ ব্রিফিংয়ে কড়া সুর তুলে মারিয়া জাকারোভা বলেন, ‘ইউক্রেনের জন্য অস্ত্র প্রস্তুতকারী ইউরোপীয় দেশগুলোর কারখানাগুলো রাশিয়ার সামরিক হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু। কিয়েভ শাসনগোষ্ঠীর জন্য ইউক্রেনের ভূখণ্ডের বাইরে যে অস্ত্র তৈরি হচ্ছে, তা নিরাপদ থাকবে এমনটা ভাবলে ভুল করা হবে।’
তিনি আরও বলেন, যৌথ উদ্যোগে অস্ত্র কারখানা খুলে ইউরোপের দেশগুলো পুরোদমে সংঘাতের অংশীদার হয়ে উঠছে। এটি সংঘাতকে সমাধানের কাছাকাছি আনার বদলে আরও দূরে ঠেলে দিচ্ছে।





