রিয়াদ বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ; বাতিল একাধিক ফ্লাইট

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগার থেকে উঠছে কালো ধোঁয়া
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগার থেকে উঠছে কালো ধোঁয়া | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটলো।

বিস্ফোরণের বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর কিংবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি যাচাইয়ের অনুরোধ জানিয়েছে। ঘটনার পর ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে, যার কিছু সোমবার পর্যন্ত স্থগিত থাকবে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে রিয়াদ বিমানবন্দরে চালানো হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। সে সময় সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানবন্দর এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

শীঘ্রই রিয়াদে বড় ধরনের আন্তর্জাতিক জ্বালানি ও বিনিয়োগ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। এমন গুরুত্বপূর্ণ আয়োজনের আগমুহূর্তে দফায় দফায় হামলার ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি আরবের রাজধানীতে তাদের ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করতে বাধ্য হচ্ছে।

এএম